মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মাঠের পারফরম্যান্সের পর এবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারের হতাশার মধ্যে আইসিসির পক্ষ থেকে এই দুঃসংবাদ এল।
সিলেটে গত শনিবার বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এই ঘটনা ঘটে। জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। চামারি আত্তাপাত্তুর প্রথম বলেই ক্যাচ দিয়ে বসেন জ্যোতি। আউট হওয়ার পর মেজাজ হারিয়ে রাগে নিজের ব্যাট মাটিতে ছুড়ে মারেন তিনি।
আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের দায়ে তাকে তিরস্কার করা হয়েছে। শাস্তিস্বরূপ তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি। ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া এই শাস্তি জ্যোতি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। উল্লেখ্য, ওই ম্যাচে ৩ রানে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশ নারী দল।