বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর জান্নাতুল (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে হুগলা জসিউড়া গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল ওই গ্রামের আসাদ মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ মে বিকেল থেকে জান্নাতুল নিখোঁজ ছিল। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ৫ মে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার ভোরে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।