শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে। বুধবার (৬ মে) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় এনজিও ‘পাশা’-এর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির এই মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য দুই আসামি হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম এবং হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।
মামলার আরজিতে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘এক ব্যক্তিনির্ভর পাশা দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে একটি সংবাদ ও সম্পাদকীয় প্রকাশিত হয়। বাদীর দাবি, ওই প্রতিবেদনে সংস্থাটিকে ‘নামসর্বস্ব’ ও ‘টাকার বিনিময়ে কার্ড বিক্রয়কারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এই সংবাদের কারণে দেশি-বিদেশি দাতা সংস্থার কাছে এনজিওটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
এর আগে বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষ। মামলার আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।