সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অনাগত সন্তানের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের ফলে এখন থেকে গর্ভে থাকা সন্তান ছেলে না কি মেয়ে, তা পরীক্ষা করা বা কোনোভাবেই প্রকাশ করা যাবে না।
সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এর আগে, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন।
রায়ে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য এবং কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়িয়ে দেয়। এটি সামাজিক ভারসাম্যহীনতা তৈরি করে এবং বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কার্যকর নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থার অভাবেই দীর্ঘদিন ধরে এই অনৈতিক চর্চা চলে আসছিল। শুধুমাত্র গাইডলাইন নয়, ডিজিটাল নজরদারি ও কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই এই প্রথা বন্ধ করা সম্ভব বলে রায়ে জানানো হয়।