মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সোমবার (১১ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় ঈদযাত্রার শৃঙ্খলা রক্ষায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি:
যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা এবং যানজটপ্রবণ এলাকায় ঈদের সাত দিন আগে থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করবে রোভার স্কাউট সদস্যরাও।
ভাড়া ও অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত:
অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে সারাদেশে বিআরটিএ-এর ১৯ জন এবং অতিরিক্ত আরও ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। বড় বাস টার্মিনালগুলোতে কাজ করবে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম।
চালকদের ডোপ টেস্ট ও বিশেষ মেডিকেল টিম:
সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের ১০টি বিশেষ মেডিকেল টিম এই কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ‘ব্লাইন্ড স্পট মিরর’ স্থাপন ও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
২৪ ঘণ্টা কন্ট্রোল রুম ও বিশেষ বাস সার্ভিস:
ঈদযাত্রা তদারকিতে আগামী ২০ থেকে ৩১ মে পর্যন্ত বিআরটিএ সদর কার্যালয়ে ২৪ ঘণ্টার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। যাতায়াত সহজ করতে বিআরটিসি বিশেষ ঈদ সার্ভিস পরিচালনা করবে এবং প্রয়োজনে মেট্রো রেলের সময়সূচিও সমন্বয় করা হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যাত্রী ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো অবহেলা দেখা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।