মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ব্যবহারের সুফল মিলতে শুরু করেছে। এই প্রযুক্তি চালুর মাত্র এক সপ্তাহেই ট্রাফিক আইন অমান্য করায় ৩০০-এর বেশি ডিজিটাল মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১১ মে) উত্তরার একটি ট্রাফিক সিগন্যাল পয়েন্ট উদ্বোধনকালে ডিএমপি কমিশনার মো. সরওয়ার এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, রাজধানীর গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টে বর্তমানে এই স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে, যা পর্যায়ক্রমে ৩০টি পয়েন্টে সম্প্রসারণ করা হবে।
নতুন এই পদ্ধতিতে কোনো যানবাহন জেব্রা ক্রসিং অমান্য করলে বা উল্টো পথে চললে এআই ক্যামেরা তা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেবে। বিশেষ সুবিধা হিসেবে সংশ্লিষ্ট যানবাহন মালিক ভিডিও ফুটেজের মাধ্যমে নিজের অপরাধ দেখার সুযোগ পাবেন। ডিএমপি কমিশনারের মতে, এই উদ্যোগ কেবল শাস্তির জন্য নয়, বরং জনমনে সচেতনতা তৈরি ও সড়কে শৃঙ্খলা ফেরানোর একটি আধুনিক পদক্ষেপ। পুরো ব্যবস্থাটি কার্যকর হলে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।