সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

মাদারীপুরে আত্মীয়ের বাসায় শিশুসহ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীরে গৃহকর্ত্রী!

মাদারীপুরে আত্মীয়ের বাসায় শিশুসহ স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীরে গৃহকর্ত্রী!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী কন্যাসন্তানের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ এলাকার একটি বাসায় গত ৩ বছর ধরে ভাড়া থাকেন ইতালিপ্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চিন্ময় দাস তার পরিবার নিয়ে মিষ্টির বাসায় আসেন এবং নিজেকে মিষ্টির চাচাতো ভাই পরিচয় দেন। মধ্যরাতে পাশের রুমে থাকা মিষ্টি বাড়ৈ পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা— তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com