বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

যুদ্ধ শুরু হলে আরো বড় চমক দেখাবে ইরান: আরাঘচি

যুদ্ধ শুরু হলে আরো বড় চমক দেখাবে ইরান: আরাঘচি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের ওপর পুনরায় কোনো উস্কানিমূলক আগ্রাসন চালানো হলে যুক্তরাষ্ট্রের জন্য ‘আরো বড় চমক’ অপেক্ষা করছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মার্কিন কংগ্রেসের একটি সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে আরাঘচি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সর্বশেষ সামরিক অভিযানে মার্কিন বিমান বাহিনীকে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। মাত্র ৪০ দিনের সামরিক অভিযানে ওয়াশিংটনের অন্তত ৪২টি অত্যাধুনিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রাথমিক আর্থিক ক্ষতি প্রায় ২৬০ কোটি মার্কিন ডলার। দীর্ঘমেয়াদি প্রতিস্থাপন খরচ ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন আইনপ্রণেতারা। এই তালিকায় একটি অত্যাধুনিক এফ-৩৫ (F-35) যুদ্ধবিমানও রয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তাদের সশস্ত্র বাহিনীই বিশ্বের প্রথম সামরিক বাহিনী যারা যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত এফ-৩৫ ভূপাতিত করেছে। ✈️

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোট ইরানের ওপর যৌথ হামলা চালালে পাল্টা আঘাত করে ইরান। এই সংঘাতের পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে নৌযান চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com