সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে। আজ শনিবার (২৩ মে) এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমন ও উৎসবকে কেন্দ্র করে পুরো ত্রিশালে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকারি নজরুল একাডেমি মাঠে বসেছে ‘নজরুল বইমেলা’ ও ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যেখানে পাঁচ শতাধিক স্টলে জমে উঠেছে কেনাবেচা। বিশাল প্যান্ডেল, নজরুল মঞ্চ নির্মাণ ও রঙতুলির ছোঁয়ায় পুরো এলাকা নতুন রূপ পেয়েছে।
ইতিমধ্যেই নজরুল ভক্ত, কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা ত্রিশালে এসে সমবেত হয়েছেন। উৎসবের নজরুল মঞ্চে পরিবেশিত হবে কবির অমর সঙ্গীত ও কবিতা। স্থানীয় সংস্কৃতিকর্মীরা একে ত্রিশালবাসীর প্রাণের উৎসব হিসেবে অভিহিত করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।