শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আজ ৯ জিলহজ, পবিত্র হজের মূল দিন। সোমবার থেকেই মক্কার মিনা প্রান্তরে সমবেত হওয়া বিশ্বের ১৬০টিরও বেশি দেশের লাখো মুসলিম আজ মঙ্গলবার (২৬ মে) ফজরের পর থেকেই হজের অন্যতম প্রধান ফরজ আদায়ের লক্ষ্যে আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন। প্রখর রোদ আর প্রচণ্ড গরমের মাঝেই লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’।

আজ দুপুরে আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। হাজিরা সেখানে এক আজানে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থনা ও কান্নাকাটিতে মশগুল থাকবেন। সূর্যাস্তের পর হাজিরা মাগরিব না পড়েই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে খোলা আকাশের নিচে রাতযাপন এবং মিনায় শয়তানকে নিক্ষেপের জন্য প্রতীকী পাথর সংগ্রহ করবেন।

১০ জিলহজ মিনায় ফিরে হাজিরা ধারাবাহিকভাবে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং মক্কায় গিয়ে কাবা শরিফ তাওয়াফ করবেন। সবশেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে জীবনের অন্যতম শ্রেষ্ঠ এই ইবাদত।

সৌদি আরব জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজারের বেশি হজযাত্রী অংশ নিয়েছেন। বাংলাদেশিদের জন্য মিনায় ও আরাফাতে বিশেষ ক্যাম্প, চিকিৎসা ও হজ মিশনের তদারকি জোরদার করা হয়েছে।

এবার সৌদিতে তীব্র গরম (তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস) থাকায় হাজিদের সুরক্ষায় মাঠে রয়েছেন আড়াই লাখের বেশি কর্মকর্তা ও ৪০টি সরকারি সংস্থা। পাশাপশি, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ড্রোন ক্যামেরা ও বিশাল ডেটা অ্যানালাইসিস সিস্টেমের মাধ্যমে হজ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com