শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বলিউড বাদশা শাহরুখ খানের ভক্ত বিশ্বজুড়ে। সাধারণ দর্শক তো বটেই, অনেক তারকাও তাকে আদর্শ মানেন। তেমনই একজন দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, শাহরুখ খান তাকে নিজে ফোন করে একটি বিশেষ কাজের প্রস্তাব দিয়েছিলেন, যা শুনে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।
বলিউডের সফল পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের ভ্লগে হাজির হয়ে শাহরুখের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেন তামান্না। তিনি বলেন, “শাহরুখ খান সবচেয়ে দয়ালু মানুষদের একজন। ভারতীয় চলচ্চিত্রের জন্য তিনি যা করেছেন, তা অতুলনীয়। আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি।”
এরপর সেই বিশেষ ফোন কলের স্মৃতিচারণ করে তামান্না জানান, শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য বা***ডস অব বলিউড’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি হয়েছে। এই সিরিজের ‘ঘাফুর’ শিরোনামের একটি গানে পারফর্ম করার জন্য তামান্নাকে নিজে ফোন করেছিলেন শাহরুখ খান। তামান্না বলেন, “তিনি ফোনে আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি এটা করতে পারবে?’ শাহরুখ খানের মতো একজন মানুষ যখন কিছু করতে বলেন, তখন না বলার প্রশ্নই ওঠে না। আমি সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দিয়েছিলাম।”
এর আগে অনলাইন পোশাক ব্র্যান্ডসহ কয়েকটি বিজ্ঞাপনে শাহরুখের সঙ্গে কাজ করলেও, এখন পর্যন্ত কিং খানের সঙ্গে কোনো চলচ্চিত্রে অভিনয় করা হয়নি তামান্নার।
তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল তেলেগু ভাষার ‘ওডেলা টু’, যা বক্স অফিসে সফল হয়নি। তবে বর্তমানে তার হাতে রয়েছে হিন্দি ও তামিল ভাষার বেশ কয়েকটি আলোচিত সিনেমা; যার মধ্যে ‘ভিভ্যান’, ‘ভি. শান্তারাম’, ‘রেঞ্জার’ ও ‘মারিয়া আইপিএস’ অন্যতম।