শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় বিশ্ববাজারে তেলের দামে পতন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বড় ব্যবধানে কমেছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে ইরান যুদ্ধের অবসান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় শুরু এবং ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়বে—এমন প্রত্যাশাতেই দাম নিম্নমুখী হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে দাঁড়ায় ৭৫.৮১ ডলারে।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তি মেনে চলার সতর্কবার্তা দিলে তেলের দাম কিছুটা বেড়েছিল। তবে বাজারের ওপর সেই প্রভাব দীর্ঘস্থায়ী হয়নি। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘আইজি’র বিশ্লেষক টনি সাইকামোর জানান, চুক্তি কার্যকর হওয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত ইরানি তেল বিশ্ববাজারে ফিরবে, এমন হিসাব কষেই ব্যবসায়ীরা বিক্রির চাপ বাড়িয়েছেন।

সম্প্রতি স্বাক্ষরিত ১৪ দফার এই সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ৬০ দিনের জন্য উভয় দেশের মধ্যে একটি আলোচনাকাল শুরু হয়েছে। এই সময়ে হরমুজ প্রণালি দিয়ে কোনো টোল বা অতিরিক্ত ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। আগামী ৩০ দিনের মধ্যে এই নৌপথটির পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ এই রুট দিয়েই পরিবাহিত হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com