রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের অভ্যন্তরে ও ভারতে রেকর্ড বৃষ্টির কারণে উত্তরাঞ্চল ও সিলেটে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
উত্তরাঞ্চলে বাড়ছে নদীর পানি, খোলা ৪৪ জলকপাট
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে। পানি বাড়ার কারণে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুর জেলার নিম্নাঞ্চল এবং ফসলের ক্ষেত ইতিমধ্যেই তলিয়ে গেছে।
সিলেটে আকস্মিক বন্যার ঝুঁকি
সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলগুলো ব্যাপকভাবে প্লাবিত হতে পারে।
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া টাঙ্গাইল, খুলনা, বরিশাল, নোয়াখালী ও কক্সবাজারসহ ১০টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি আরও অন্তত তিন দিন স্থায়ী হতে পারে।