রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও ফুটবল দুনিয়ার নজর কাড়লেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলই এসেছে এই মহাতারকার পা থেকে। এই দুর্দান্ত পারফরম্যান্সে আলবিসেলেস্তেদের চমৎকার সূচনা তো হয়েছেই, সেই সাথে বিশ্বকাপ ইতিহাসের তিনটি মেগা রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।
ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন। অস্ট্রিয়ার বিপক্ষে পরের ম্যাচে আর একটি গোল করলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপের সর্বকালের শীর্ষ গোলদাতা হবেন মেসি।
বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি জয়
ম্যাচ জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছুঁয়েছেন মেসি। আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপে মেসির মোট জয় এখন ১৬টি। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেই জার্মানির এই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলার হয়ে যাবেন তিনি।
বক্সের বাইরে থেকে গোল: রিভেলিনোর পাশে মেসি
বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে সবচেয়ে বেশি গোলের তালিকায় এখন যৌথভাবে শীর্ষে মেসি ও ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো। আলজেরিয়ার বিপক্ষে চোখধাঁধানো এক দূরপাল্লার শটে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে নিজের ৫ম গোলটি পান মেসি।
রিভেলিনো ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন। অন্যদিকে মেসি ২০১৪, ২০২২ এবং চলমান ২০২৬ বিশ্বকাপে দূরপাল্লার শটে গোল করে এই অনন্য উচ্চতায় পৌঁছালেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি এমন গোল তাকে নিয়ে যাবে একক শীর্ষে।