সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার (৫ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বর্তমানে দেশের বেশ কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বৃষ্টির কারণে কিছু এলাকায় প্রশমিত হতে পারে।