রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের পরাশক্তি নরওয়ে। অপটা সুপারকম্পিউটারের ২৫ হাজার ম্যাচ সিমুলেশনের পূর্বাভাসে এই ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে সেলেসাওরা।
সুপারকম্পিউটারের হিসেব মতে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬%, যেখানে নরওয়ের সম্ভাবনা মাত্র ২২.৪%। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে ব্রাজিল ৬৫.৬% এবং নরওয়ে ৩৪.৫% এগিয়ে। জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে এসেছে ব্রাজিল। অন্যদিকে, আর্লিং হলান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে একই ব্যবধানে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে নরওয়ে।
এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় বাধা হতে পারেন নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্ড, যিনি টানা ১৩ আন্তর্জাতিক ম্যাচে ২৫ গোল করেছেন। বিপরীতে ব্রাজিলের শক্তির জায়গা মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস, যিনি চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৪টি অ্যাসিস্ট করে ১৯৭০ সালের পেলের রেকর্ডের পর সর্বোচ্চ অ্যাসিস্টের কীর্তি গড়েছেন।
তবে অতীতের পরিসংখ্যান ব্রাজিলের বিপক্ষে। নরওয়ের বিরুদ্ধে খেলা ৪ ম্যাচের একটিতেও জিতেনি সেলেসাওরা (২ হার, ২ ড্র)। এমনকি ১৯৯৮ বিশ্বকাপেও ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল নরওয়ে। এছাড়া ২০০২ সালের পর নকআউট পর্বে ইউরোপীয় দলের কাছে টানা ৬ বার হেরে বিদায় নেওয়ার এক হতাশাজনক রেকর্ড রয়েছে ব্রাজিলের। আজ সেই পুরোনো জুজু কাটিয়ে শেষ আটে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।