রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জুলাই) দুপুরে ৮৫ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি মারা যান।
১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করা এই গুণী ব্যক্তিত্ব প্রায় চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলনে তিনি ছিলেন অন্যতম অগ্রপথিক। তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা করেছেন।
তার রচিত ও সম্পাদিত ২০টিরও বেশি বইয়ের মধ্যে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা এবং ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদানের জন্য তিনি ১৯৭৪ সালে ‘বাংলাদেশ লেখক শিবির পুরস্কার’ এবং ১৯৮১ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার’-এ ভূষিত হন। তার প্রয়াণে দেশের শিক্ষাঙ্গন ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।