সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অর্থসম্পদ বা চাকচিক্য নয়, অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমই যে সাফল্যের মূল চাবিকাঠি, তা আবারও প্রমাণ করলেন নেত্রকোনার তরুণ তানভীর রহমান। সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএসের ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে দেশসেরা (মেধাতালিকায় প্রথম স্থান) হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।
তানভীর রহমান নেত্রকোনা সদরের রায়দুম বাগড়া গ্রামের বাসিন্দা ও শামছুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান এবং রিনা পারভীন দম্পতির বড় সন্তান। টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করার পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০২৫ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপরই তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগ দেন এবং শিক্ষকতার ব্যস্ত সূচির মাঝেই প্রথম সুযোগেই বিসিএসে এই বিরল গৌরব অর্জন করেন। শুধু পড়াশোনায় নয়, শৈশব থেকেই খেলাধুলাতেও সমান পারদর্শী তানভীরের ঝুলিতে রয়েছে অর্ধশতাধিক পুরস্কার।
ছেলের এই ঐতিহাসিক সাফল্যে আবেগাপ্লুত বাবা আবদুর রহমান বলেন, ‘এটি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তানভীরের ক্যাডেট লাইফের ডিসিপ্লিন তাকে অনেক দূর এগিয়ে দিয়েছে। আমি সারাজীবন সততার সাথে শিক্ষকতা করেছি। ছেলের প্রতি আমার একটাই দাবি—সে যেন রাষ্ট্রের দেওয়া দায়িত্ব যথাযথ যোগ্যতা, দক্ষতা ও শতভাগ সততার সাথে পালন করে।’ তানভীরের এই গৌরবময় সাফল্যে এলাকায় মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করছেন শিক্ষক ও সাধারণ মানুষ। বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে তানভীর রহমান এখন সম্পূর্ণ প্রস্তুত।