মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতার পক্ষে সাফাই গেয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে এই চুক্তির ফলেও ইরানের আদর্শিক নীতিতে কোনো পরিবর্তন আসবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি বা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। রবিবার (৫ জুলাই) হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান মোহাম্মদ দারউইশের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।
চুক্তিটি নিয়ে অভ্যন্তরীণ ও আঞ্চলিক বিতর্কের জবাবে গালিবাফ একে ‘কৌশলগত প্রক্রিয়া’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আঞ্চলিক মিত্রদের অর্জন ধরে রাখতে কূটনৈতিক আলোচনাকে কাজে লাগাতে হবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে হওয়া এই গোপন চুক্তির তথ্য প্রকাশ করে তিনি জানান, তেহরান সফলভাবে চুক্তিতে এমন কিছু ধারা অন্তর্ভুক্ত করেছে যা আঞ্চলিক রাষ্ট্রগুলোর অখণ্ডতা রক্ষা করবে এবং ইরানের মিত্রদের ওপর সামরিক অভিযান বন্ধ রাখবে। স্পিকার আরও বলেন, পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করা নিরর্থক, তাই আরব দেশগুলোর আঞ্চলিক ঐকমত্যের দিকে এগোনো উচিত।
বৈঠকে হামাস নেতা মোহাম্মদ দারউইশ এই সমঝোতাকে ‘প্রতিরোধের অক্ষের জন্য একটি বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে পারেনি এবং চুক্তির প্রতিটি ধারা ওয়াশিংটনের জন্য একটি বড় ধাক্কা।