সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম উত্তপ্ত লড়াই ‘আইবেরিয়ান ডার্বি’তে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। বিশ্বকাপের শেষ ষোলোর এই মহারণ ঘিরে ইতিমিধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। নকআউট পর্বের ম্যাচ হওয়ায় এই লড়াইয়ে যে দল হারবে, তাকেই বিদায় নিতে হবে বিশ্বমঞ্চ থেকে।
শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ আত্মবিশ্বাসী লা রোহারা। স্পেনের মূল শক্তি তাদের টিকিটাকা পাসিং ফুটবল ও শক্তিশালী মিডফিল্ড। রদ্রি, পেদ্রি, গাভি ও ওলমোদের সাথে আক্রমণভাগে গতির ঝড় তুলছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। এছাড়া স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন টানা ৫১৯ মিনিট গোলবার অক্ষত রেখে ইতিমধ্যে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন।
অন্যদিকে, ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও পর্তুগালের পারফরম্যান্সে কিছুটা ধারাবাহিকতার অভাব দেখা গেছে। তবে কোচ রবার্তো মার্তিনেজের দলের বড় ভরসা তাদের গতিময় কাউন্টার অ্যাটাক ও তারকাখচিত স্কোয়াড। ক্রিস্টিয়ানো রোনালদো চলতি বিশ্বকাপে ৩টি গোল করলেও দলগতভাবে এখনও সেরা ছন্দ খুঁজে পায়নি পর্তুগিজরা। তবে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে সিআরসেভেনের।
ইতিহাস ও পরিসংখ্যান:
স্পেন ও পর্তুগাল এ পর্যন্ত মোট ৪১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেনের জয় ১৭টিতে, পর্তুগালের ৭টিতে এবং বাকি ১৭টি ম্যাচ ড্র হয়েছে।
২০১০ সালের বিশ্বকাপে এই দুদলের একমাত্র নকআউট লড়াইয়ে স্পেন ১-০ গোলে জিতেছিল। আর ২০১৮ সালের বিশ্বকাপ গ্রুপ পর্বে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
সবশেষ ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল।
স্পেনের সুসংগঠিত পাসিং নাকি পর্তুগালের বিধ্বংসী পাল্টা আক্রমণ— কোয়ার্টার ফাইনালের টিকিট কার হাতে উঠবে, তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।