মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
স্পেনের বিপক্ষে শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবল বিশ্বকে আবেগঘন বার্তা দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই কিংবদন্তি তারকা নিশ্চিত করেছেন, চলমান ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটাই আমার শেষ বিশ্বকাপ। ফুটবলের জন্য আমি সবকিছু উজাড় করে দিয়েছি, তাই হাজারভাগ তৃপ্তি নিয়ে বিদায় নেব।”
২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত টানা ৬টি বিশ্বকাপে অংশ নেওয়া রোনালদো ইতোমধ্যে ইতিহাস গড়েছেন। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি। এবারের আসরে এখন পর্যন্ত ৩টি গোল করেছেন সিআরসেভেন, যার মধ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে করা গোলটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার প্রথম গোল। বিশ্বকাপ জিততে না পারলেও ক্যারিয়ার অসম্পূর্ণ থাকবে না জানিয়ে তিনি বলেন, বয়স ও অভিজ্ঞতা মানুষকে পরিণত করে। অন্যদিকে, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে রোনালদোর প্রশংসা করে তরুণদের জন্য তাকে অনুকরণীয় বলে উল্লেখ করেছেন এবং ম্যাচজুড়ে তাকে নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।