মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এর ফলে দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এবং অন্যান্য নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, উপকূলীয় জেলা পটুয়াখালীতে গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাত ব্যাহত করছে স্বাভাবিক জীবনযাত্রা। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে এবং উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।