শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমে আসায় বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে গত পাঁচদিন ধরে পানিবন্দি থাকা কয়েক হাজার মানুষের দুর্ভোগ এখনো কমেনি। জেলার নিচু এলাকার সড়কগুলো তলিয়ে থাকায় স্থানীয়দের যাতায়াতের প্রধান ভরসা এখন নৌকা।
শনিবার (১১ জুলাই) সরেজমিনে দেখা গেছে, বান্দরবান পৌর এলাকার হাফেজঘোনা, কালাঘাটা, বালাঘাটাসহ বিভিন্ন নিম্নাঞ্চলে এখনো কোমর থেকে গলা সমান পানি রয়েছে। বালাঘাটা সড়কে পানি জমে থাকায় যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় অনেকে ঝুঁকি নিয়ে ভবনের ওপরের তলায় কিংবা ছাদে অবস্থান করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ২০২৩ সালের পর ২০২৬ সালে আবারও এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছেন তারা।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ২৪ ঘণ্টায় বান্দরবানে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানিয়েছেন, বম হোস্টেল ও ত্রিপুরা হোস্টেলের শিক্ষার্থীরা পানিবন্দি অবস্থায় আছেন। তাদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে।