শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানান, এই আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না এবং আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল বা অটোপাস দেওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। তবে আইনে সুযোগ থাকলে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
এছাড়া, দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। অন্যদিকে, জুলাই অভ্যুত্থানের শহীদদের সংখ্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্যতা প্রমাণিত হলে নতুন নাম তালিকায় যুক্ত হবে এবং ভুয়া প্রমাণিত হলে বাদ দেওয়া হবে।
রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তিনি উল্লেখ করেন, প্রশাসনিক আদেশের মাধ্যমে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দ্রুতই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।