শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় নেত্রকোনায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই ২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করে জেলাবাসী।
সকালে নেত্রকোনায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ৭টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশ সুপার দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের পাশাপাশি দিনভর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, জুলাই ছাত্র-জনতা, সুশীল সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে স্মৃতিস্তম্ভে। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির বেদি। উপস্থিত সুধীজন ও ছাত্র-জনতা বলেন, জুলাই শহীদদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।