সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফেরদৌস করিম রুমেলকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুমেল শহরের নিউটাউন এলাকার মো: কামাল মিয়ার ছেলে।
রুমেলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা এবং নাশকতার অভিযোগে নেত্রকোণা মডেল থানায় দায়ের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন, নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ।
ওসি জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের মামলাগুলোর বাদী হচ্ছেন, পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া।এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন, এবং নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, মামলার পর থেকে রুমেল পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুমেলকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।