রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মেয়াদের প্রায় দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৮ সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও দায়িত্ব পালনে অক্ষমতার কারণে তিনি পদত্যাগ করেন। তার প্রায় তিন বছরের ঘটনাবহুল মেয়াদে ২০২৪ সালের গণঅভ্যুত্থান, রাজনৈতিক রূপান্তর এবং তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পাঠ করানোর বিরল নজির তৈরি হয়। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।