রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তরুণদের আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এই সিদ্ধান্ত নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করছে সিজেপি। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শনিবার সকালে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা না হলে তারা আলোচনায় বসবে না। এমন পরিস্থিতিতে বৈঠকের ঠিক আগমুহূর্তে ধর্মেন্দ্র প্রধানের সরে দাঁড়ানো রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় সৃষ্টি করেছে। এখন আন্দোলনকারীদের সঙ্গে সরকারের পরবর্তী আলোচনা কীভাবে এগোয়, সেদিকেই সবার নজর।