বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লিওনেল মেসির অবিশ্বাস্য এক ফ্রি-কিক সত্ত্বেও পরাজয় এড়াতে পারলো না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর কাছে ২-১ গোলে হেরেছে তারা। এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির পয়েন্টের ব্যবধান আরও বেড়ে গেল।
ম্যাচের ২৮ মিনিটে জোসেফ মার্তিনেজের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে মায়ামি। তবে এর মাত্র পাঁচ মিনিট পরই ডান প্রান্তের কঠিন কোণ থেকে বাঁকানো শটে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা মেসি। চলতি মৌসুমে এটি ছিল তার ২১তম গোল।
দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও ম্যাচের অতিরিক্ত সময়ে শেষ হাসি হাসে কলম্বাস। সেনেগালের বদলি খেলোয়াড় জামাল থিয়ারে কাছ থেকে নেওয়া জোরালো শটে জয়সূচক গোলটি করেন। এই পরাজয়ে লিগে বাকি থাকা ৭ ম্যাচের আগে শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে পড়লো মায়ামি।