বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা প্রলয়ঙ্করী যুদ্ধের দিকে গেলেও ইরান পিছু হটবে না, তবে ‘প্রকৃত কূটনীতি’র জন্য তেহরান এখনও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে, ইরানের দেওয়া ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও চলতি সপ্তাহে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে চরম বিতর্ক চলছে। ইরান পুরো নৌপথ নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তা অস্বীকার করেছে। এর মধ্যেই যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে নাশকতার অভিযোগে পাঁচজন গ্রেপ্তার হয়েছেন; তবে এতে ইরানি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে লন্ডনের ইরানি দূতাবাস।
সামরিক এই সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলে ১০৮ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়ে ইরানি মুদ্রার দর ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং দেশটিতে মূল্যস্ফীতি ৬১ শতাংশ ছাড়িয়েছে।