বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ইস্যু বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মতো কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততার প্রয়োজন নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে দেশের আদালতে মামলা ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত আছে। সম্প্রতি ভারতের হাইকমিশনার এবং অন্যান্য দায়িত্বশীল প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সরকারের এই অবস্থান আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে।