শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
ছুটি শেষে সৌদিতে ফিরেই রিয়াদে হুথি হামলায় প্রাণ গেল বগুড়ার শাহেদের

ছুটি শেষে সৌদিতে ফিরেই রিয়াদে হুথি হামলায় প্রাণ গেল বগুড়ার শাহেদের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ছুটি শেষে সৌদি আরবে পৌঁছানোর মাত্র একদিনের মাথায় ইয়েমেনের হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বগুড়ার শাজাহানপুরের প্রবাসী শাহেদ আহম্মেদ (৩৬)। শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ হামলায় তিনি নিহত হন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের মাধ্যমে মৃত্যুর খবর পেয়ে শাহেদের পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

নিহত শাহেদ শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলাম ও ছাহেরা বেগম দম্পতির ছেলে। গত চার বছর ধরে তিনি সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুই মাসের ছুটিতে দেশে আসার পর ছুটি শেষ হওয়ার আগেই কাজের জরুরি প্রয়োজনে গত শুক্রবার (১০ অক্টোবর) তিনি সৌদি আরবে ফিরে যান। সেখানে পৌঁছে শনিবার বিকেলে স্ত্রী কোহিনুর আক্তার কাকলীর সঙ্গে শেষবারের মতো মুঠোফোনে কথা হয় তাঁর। এরপর থেকে যোগাযোগের চেষ্টা করেও শাহেদকে না পাওয়ায় পরিবারটি চরম দুশ্চিন্তায় পড়েছিল।

শাহেদের বাবা রফিকুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং তাঁর মা ছাহেরা বেগমও দুই মাস আগে ওমরাহ পালন করতে দেশটিতে গিয়েছেন। দেশে শাহেদের স্ত্রী কাকলী ও তাঁদের দুই সন্তান রয়েছেন। শাহেদের মৃত্যুর খবর পেয়ে শাজাহানপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান জানান, মরদেহ সরকারি খরচে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com