শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ব্যাপক সামরিক উপস্থিতি, রণতরী ও অতিরিক্ত সেনা মোতায়েনের মধ্যেই ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের শেষ নাগাদ ইরানে সামরিক হামলা চালানো হতে পারে বলে চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পডকাস্ট সঞ্চালক মারিও নওফালের সঙ্গে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।

সাক্ষাৎকারে উপস্থাপক নওফাল সরাসরি জানতে চান—চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে মার্কিন হামলা হতে পারে কি না? জবাবে সরাসরি ও দ্ব্যর্থহীন কণ্ঠে ব্যারাক বলেন, ‘অবশ্যই।’ সিরিয়াবিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত এই শীর্ষ কূটনীতিক বর্তমানে উপসাগরীয় অঞ্চল সফরে রয়েছেন।

টম ব্যারাক জানান, মধ্যপ্রাচ্য নীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ট্রাম্প মূলত ইরানের সঙ্গে একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং কূটনৈতিক সমঝোতার পথও খোলা রেখেছেন। এ নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চললেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক অচলাবস্থার পর ট্রাম্পও নতুন করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন; যদিও এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে ইরানে সরাসরি হামলা হবে না।

এদিকে ইসরায়েলের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তবে ইসরায়েলের এই অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির স্পষ্ট পার্থক্য তুলে ধরেছেন রাষ্ট্রদূত ব্যারাক।

তিনি সাফ জানিয়ে দেন, ইরানে শাসনব্যবস্থার পতন ঘটানো যুক্তরাষ্ট্রের নীতি নয়। ব্যারাকের ভাষায়, ‘আপনারা যদি বিশ্ব, আমাদের মিত্র এবং উপসাগরীয় অঞ্চলকে হুমকি দিতে থাকেন, তবে তার পরিণতি অবশ্যই ভোগ করতে হবে। তবে সেই পরিণতি শাসনব্যবস্থার পরিবর্তন নয়। কারণ শাসনব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো—পরিবর্তনের পরের দিন কী ঘটবে তা কেউ জানে না।’

ইসরায়েলি বাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থা এবং মার্কিন রাষ্ট্রদূতের এমন খোলামেলা বক্তব্যের পর পুরো মধ্যপ্রাচ্যে এক চরম যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com