শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের সহকর্মী এবং ভক্ত-অনুরাগীরা। নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এটিকে দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য ‘অশনিসংকেত’ বলে আখ্যায়িত করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে গাড়িটি পার্ক করা থাকা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে প্রতিবাদ জানান ‘কুলি’খ্যাত নায়ক ওমর সানী। তিনি লেখেন, গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ তোমাকে ভালো রাখুন।”
ওমর সানীর এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সাধারণ ভক্ত থেকে শুরু করে সংস্কৃতিকর্মীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
ঘটনার বিবরণ দিয়ে সংগীতশিল্পী আসিফ আকবর জানান, বিশাল সেন্টারের ওপরের তলায় তাঁর ব্যক্তিগত অফিস। ভোরে তিনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন এবং গাড়িটি শপিং মলের সামনেই পার্ক করা ছিল। ঠিক সেই মুহূর্তেই অতর্কিত গুলির শব্দ পাওয়া যায়। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশের একটি বিশেষ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলির সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এবং কেন এ গুলিবর্ষণ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।