রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

মেট্রোরেল নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত!

মেট্রোরেল নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে যাতায়াতকারী লাখ লাখ যাত্রীর নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে সব স্টেশনে আধুনিক আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং লাগেজ স্ক্যানার স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন এ ব্যবস্থার আওতায় স্টেশনে প্রবেশের মুখেই যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও মালামাল স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিং ও তল্লাশির আওতায় আনা হবে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আধুনিক নিরাপত্তাসামগ্রী সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে অনলাইন দরপত্র (ই-দরপত্র) আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে যোগ্য ও আগ্রহী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ই-জিপি পোর্টালে নিবন্ধনের মাধ্যমে দরপত্র জমার নির্দেশনা দেওয়া হয়েছে। দরপত্রের শর্ত ও যাবতীয় তথ্য ই-জিপি পোর্টাল এবং সংশ্লিষ্ট হেল্পডেস্কে পাওয়া যাবে।

এদিকে, একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর মূল ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সরঞ্জাম ও সিস্টেমের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়ও যুক্ত করা হয়েছে। এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), ব্যাকআপ ডিজেল জেনারেটর, বায়ু চলাচল ব্যবস্থা এবং আনুষঙ্গিক সাধারণ বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কারিগরি তদারকি নিশ্চিত করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট দরপত্রের প্রয়োজনীয় প্রাথমিক নথি সংগ্রহ করা যাবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com