শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ছিপছিপে গড়ন আর নজরকাড়া গ্ল্যামারে বয়সকে যেন স্রেফ একটি সংখ্যা বানিয়ে ফেলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। নানা চড়াই-উতরাই ও বিতর্ক পেরিয়ে ৫১ বছর বয়সেও সমান ফিট ও সক্রিয় এই তারকা। ৩৩ বছর আগে ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। শাহরুখ খান ও কাজলের পাশাপাশি এই সিনেমা শিল্পার ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে ছিল কঠোর আত্মত্যাগ, পিঠ পুড়ে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের মতো নানা নাটকীয় অভিজ্ঞতা।
‘বাজিগর’ নির্মাণের শুরুতে পরিচালক জুটি আব্বাস-মাস্তানের পরিকল্পনা ছিল শ্রীদেবীকে দিয়ে দুই বোনের (কাজল ও শিল্পার চরিত্র) দ্বৈত চরিত্রে অভিনয় করাবেন। কিন্তু পরবর্তীতে তাঁরা ভাবেন—একই নায়িকাকে পর্দায় দুবার মরতে এবং শাহরুখের মতো ভিলেনের হাতে খুন হতে দর্শকরা মেনে নাও নিতে পারেন। ফলে তাঁরা নতুন মুখ খোঁজা শুরু করেন। ‘সীমা চোপড়া’ চরিত্রটির জন্য মাধুরী দীক্ষিত কিংবা জুহি চাওলার মতো শীর্ষ অভিনেত্রীদের প্রস্তাব দেওয়া হলেও চরিত্রটির দৈর্ঘ্য ছোট হওয়ায় এবং প্রথমার্ধেই মৃত্যু ঘটায় তাঁরা ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত ভাগ্য খোলে নবাগত শিল্পার।
১৯৭৫ সালের ৮ জুন বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করা শিল্পা মাত্র ১৭-১৮ বছর বয়সে অভিনয় শুরু করেন। নতুন অভিনেত্রী হিসেবে শুটিংস্পটে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। একটি দৃশ্যের শুট শেষ করে বের হওয়ার সময় সেটের ‘এইচএমআই বেবি লাইট’-এর তাপে তাঁর পিঠ মারাত্মকভাবে পুড়ে যায়। তবে পরদিন ব্যথা ও ক্ষত নিয়েও তিনি শুটিঙে যোগ দেন। পিঠের আঘাত যাতে চাপ না খায়, সে জন্য জিপ ছাড়াই পোশাকের সামনের অংশ পরে পেছনের দিকটি সুতো দিয়ে সেলাই করে শুটিং চালিয়ে যান তিনি।
সিনেমার সবচেয়ে আলোচিত দৃশ্য ছিল ছাদ থেকে শাহরুখ খানের ফেলে দেওয়ার দৃশ্যটি। অ্যাকশন ডিরেক্টর আকবরের পরিচালনায় কোনো ভিএফএক্স ছাড়া বাস্তব লোকেশনে সেই ঝুঁকিপূর্ণ দৃশ্য শুট করা হয়েছিল। শিল্পা স্মৃতিচারণ করে বলেন, “বিল্ডিংটা তখন নড়ছিল। আমাকে বারবার হারনেস পরে ঝুলে থাকতে হয়েছিল। এতে কোমরে যে ক্ষতের দাগ হয়েছিল, তা প্রায় আট-দশ বছর বহন করেছি। দৃশ্যটির জন্য আমি অন্তত ১৫ বার মরেছি!” এছাড়া হিন্দি ভাষায় দখল কম থাকায় ‘অ্যায় মেরে হামসাফার’ গানের শুটিংয়েও শাহরুখ খান তাঁকে লিপ-সিঙ্কের সঠিক কৌশল শিখিয়ে সহায়তা করেন।
১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তি পাওয়া মাত্র ৩ কোটি রুপি বাজেটের ‘বাজিগর’ বক্স অফিসে ৩২ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার তকমা পায়। ছোট্ট এক চরিত্র দিয়ে শুরু করলেও পরবর্তীতে পরিশ্রম ও নিষ্ঠার জোরে বলিউডের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন শিল্পা শেঠি।