সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক হোসেন বলেন, “আমি চাই না আমার কর্মকাণ্ডের কারণে আমার দল বিএনপি ও প্রধানমন্ত্রী বিব্রত হোন। এ কারণেই আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি। আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি এবং তিনি আমাকে সেই সুযোগ দিয়েছেন।”
তিনি আরও জানান, পদত্যাগের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানিয়েছেন যে সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতেই তাঁর এই সিদ্ধান্ত। তবে মন্ত্রিসভা ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে।
এর আগে দুপুরে বাসা থেকে প্রেস ক্লাবে যাওয়ার পথে সাংবাদিকদের ইশরাক বলেছিলেন, “দল চায়নি, আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই আজকের এই পরিস্থিতির সৃষ্টি। এখন থেকে আমি কোনো পদের দায়িত্বে না থেকে আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব এবং মাদকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করব।”
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী কর্মসূচিতে গিয়ে ব্যক্তিগত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বিতর্কের মুখে পড়েন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। এরপর থেকেই রাজনৈতিক মহলে তাঁর পদত্যাগের গুঞ্জন ওঠে এবং শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।