সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ছেলে ও মেয়েদের আলাদা একাদশের রানের সমন্বয়ে নির্ধারিত হবে দলের জয়-পরাজয়। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার বিশ্ব ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ৮০ ওভারের ব্যতিক্রমী এক নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’। আগামী ১৪ নভেম্বর থেকে শ্রীলঙ্কার কলম্বোর ঐতিহাসিক সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে প্রথমবারের মতো গড়াবে এই টুর্নামেন্ট।
আগামী ১৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই আসরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ১৩ থেকে ২১ বছর বয়সি মোট ১৬০ জন তরুণ প্রতিভা অংশ নেবেন। তাঁদের চারটি মহাদেশীয় দলে ভাগ করা হবে, যেখানে প্রতিটি দলে থাকবেন ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে ক্রিকেটার।
এই ফরম্যাটের ম্যাচ হবে মোট ৮০ ওভারের। দিনের প্রথম ৪০ ওভার খেলা হবে সাদা পোশাকে লাল বলে। এরপর দ্বিতীয় ৪০ ওভার অনুষ্ঠিত হবে রঙিন পোশাকে সাদা বলে, ফ্লাডলাইটের নিচে। ‘প্যারিটি রুল’ অনুযায়ী, দিনের প্রথম পর্বে কোনো একাদশ যে রান সংগ্রহ করবে, দ্বিতীয় পর্বের একাদশ সেখান থেকেই দলের ইনিংস এগিয়ে নেবে—অর্থাৎ শূন্য থেকে ইনিংস শুরু হবে না। টসের ওপর নির্ভর করবে কোন পর্বটিতে ছেলেরা বা মেয়েরা খেলবেন। পুরো দিন একই ডাগআউটে বসে পরস্পরের খেলা দেখবেন উভয় দলের ক্রিকেটাররা।
বিশ্বের হাজারো তরুণ প্রতিভার মধ্য থেকে প্রায় ৩০০ দিনের ট্রায়াল শেষে বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার নেতৃত্বাধীন গ্লোবাল সিলেকশন কমিটি চূড়ান্ত খেলোয়াড় নির্বাচন করছে। এই ব্যতিক্রমী উদ্যোগের উপদেষ্টা পর্ষদে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও স্যার ক্লাইভ লয়েড।
টেস্ট টোয়েন্টির প্রতিষ্ঠাতা ও উদ্ভাবক গৌরব বাহিরওয়ানি জানান, এটি কেবল একটি নতুন ফরম্যাট নয়, বরং ক্রিকেটের মাঠে ছেলে ও মেয়েদের অবদানকে সমমর্যাদায় তুলে ধরার এক বৈপ্লবিক প্রয়াস।