সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনে পুরোদমে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। পাশাপাশি তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইন পরিবর্তন না করেও ইউপি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার ইসির রয়েছে কি না—এমন প্রশ্নে কমিশনার বলেন, “আইন পরিবর্তন না করলেও সেই এখতিয়ার কমিশনের রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।”
তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে তিনি জানান, তফসিল চূড়ান্ত করার আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার চিন্তাভাবনা করছে কমিশন।
এদিকে চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করা সম্ভব কি না, জানতে চাইলে তিনি তাঁর ব্যক্তিগত অভিমত জানিয়ে বলেন, “বর্তমান প্রেক্ষাপটে চলতি অর্থবছরের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা হয়তো সম্ভব হবে না। আবহাওয়া, পরিবেশ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে কমিশনকে এগোতে হচ্ছে। ফলে প্রস্তুতির সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।”
তিনি আরও যোগ করেন, কমিশন এখন মূলত ইউপি নির্বাচন নিয়েই নিবিড়ভাবে কাজ করছে। এ নির্বাচনের ব্যস্ততার কারণে অন্যান্য স্থানীয় নির্বাচনের বিস্তারিত পরিকল্পনা পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে।