মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থানসংক্রান্ত ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রায় এক বছরের নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার পর গত ১৭ অক্টোবর উভয় দেশের মধ্যে এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার, পররাষ্ট্র, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন। প্রাথমিক অবস্থায় চুক্তির মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হলেও পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে এটি আরও ৫ বছরের জন্য নবায়ন হবে; ফলে চুক্তিটির মোট মেয়াদ দাঁড়াবে ১০ বছর।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ আইনি সুরক্ষা নিশ্চিত হবে এবং তাঁরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমান সুযোগ-সুবিধা ও মজুরি পাবেন। কাজের মধ্য দিয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ থাকায় কর্মীরা সেখানে আকর্ষণীয় বেতন ও দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা পাবেন।
চুক্তিতে নারী কর্মীদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত বা বৈষম্য করা যাবে না এবং কাউকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বিধান সম্পূর্ণ বাতিল রাখা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির অনুলিপি আনুষ্ঠানিকভাবে দুই দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে হস্তান্তর করা হবে। এর মাধ্যমে জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।