রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থনির্ভরতা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতার পরিবর্তন ঘটিয়ে শিখনপদ্ধতিকে আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতানির্ভর করতে আগামী ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে চারটি নতুন পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত এসব বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন চার পাঠ্যবইয়ের মধ্যে চতুর্থ শ্রেণির জন্য নির্ধারিত হয়েছে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের রূপকল্প, গবেষণা ও নির্দেশনার আলোকে এনসিটিবি এসব বই শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, “প্রধানমন্ত্রী চান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার ও সুনাগরিকের গুণাবলি তৈরির পাশাপাশি বাস্তবমুখী কর্মসংস্থান নিশ্চিত হোক। বরেণ্য শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত টিম প্রধানমন্ত্রীর এই রূপকল্প বাস্তবায়নে কাজ করেছে।”

এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা জানান, বই চারটির পাণ্ডুলিপি প্রণয়ন ও ভ্যালিডেশন সম্পন্ন হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই এগুলো প্রেসে পাঠানো হবে। এনসিটিবির সদস্য প্রফেসর মোহাম্মাদ আবু নাসের টুকু জানান, চারটি বিষয়ের প্রায় ১ কোটি ৫০ লাখ কপি বই মুদ্রণ করা হবে এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই মুদ্রণকাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন চার পাঠ্যবইয়ের মূল কাঠামো ও বৈশিষ্ট্য
খেলাধুলা (চতুর্থ শ্রেণি – ১৪টি অধ্যায়): শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা ও ক্রীড়াচর্চায় আগ্রহী করতে ফুটবল, ক্রিকেট, সাঁতার ও অ্যাথলেটিকসের পাশাপাশি কারাতে, জুডো ও তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক কৌশল স্থান পেয়েছে। রয়েছে ইনজুরি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসার বাস্তব প্রশিক্ষণ। প্রথম অধ্যায়ে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের ফুটবল দলের বিজয়ের অনুপ্রেরণামূলক গল্প ‘স্বপ্ন যখন আকাশ ছোঁয়া’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশের সংস্কৃতি (চতুর্থ শ্রেণি – ১১টি অধ্যায়): ভাষা, পোশাক, ঐতিহ্য ও লোকশিল্পের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এতে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত শিশু-কিশোরদের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ির’ ইতিহাস ও বিজয়ীদের দুর্লভ ছবি একটি বিশেষ অধ্যায়ে তুলে ধরা হয়েছে।

লার্নিং উইথ হ্যাপিনেস (ষষ্ঠ শ্রেণি – ৬টি অধ্যায়): প্রচলিত পরীক্ষার ভীতি দূর করে আনন্দঘন পরিবেশে জীবন, পরিবেশ ও পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে শিখন ফল অর্জনের সম্পূর্ণ নতুন একটি শিখনদর্শন যুক্ত হচ্ছে এই বইয়ের মাধ্যমে।

আমার কারিগরি শিক্ষা (ষষ্ঠ শ্রেণি – ৮টি অধ্যায়): একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি, সবুজ টেকসই জীবনযাপন ও বাস্তব জীবনের কারিগরি সমস্যা হাতে-কলমে সমাধানের মানসিকতা গড়ে তুলতে এ বই প্রণীত হয়েছে।

উপদেষ্টা মাহ্দী আমিন আরও জানান, ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি দিয়ে শুরু হওয়া ক্রীড়া ও সংস্কৃতি বিষয় দুটি পরবর্তীতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা পরবর্তীতে দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com