শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মাদরাসায় শিশু শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন, বলাৎকার ও অনৈতিক কর্মকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে সরকার কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে দ্ব্যর্থহীন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ধর্মমন্ত্রী বলেন, “মাদরাসার মতো দ্বীনি ও পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন এবং অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে যেন এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সরকার কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও জানান, মাদরাসায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ইমামদের নিজ নিজ ধর্মীয় মঞ্চ থেকে খোলামেলা ও সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে কাউন্সিল অধিবেশনে দেশজুড়ে আগত ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা কুচক্রী মহল উসকানি দিয়ে যেন সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সমাজের বিভিন্ন অনাচারের বিরুদ্ধে জুমার খুতবায় জোরালো বয়ান উপস্থাপনের জন্য তিনি ইমাম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এদিকে কাউন্সিল অধিবেশনে ইমাম সমিতির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতারা তাঁদের বিভিন্ন পেশাগত দাবি-দাওয়া তুলে ধরেন। বিশেষ করে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ইমামদের বেতন-ভাতা বৃদ্ধি এবং স্থায়ী সামাজিক নিরাপত্তা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতের জোর দাবি জানান তাঁরা।