সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তৈরি পোশাক শিল্পে চলমান অসন্তোষ ও মহাসড়ক অবরোধের মুখে পরিস্থিতি স্বাভাবিক করতে পোশাক কারখানার মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

উচ্চপর্যায়ের এ বৈঠকে তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিকদের টানা বিক্ষোভ এবং কারখানা ছুটির প্রেক্ষাপটে গতকাল রবিবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার আলোকেই আজ সকালে মালিকপক্ষ ও নীতি-নির্ধারকদের নিয়ে এই ত্রিপক্ষীয় আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

এর আগে রবিবার সচিবালয়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ছয় সদস্যবিশিষ্ট নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী। তবে মজুরি বোর্ড গঠন সত্ত্বেও গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান এ অচলাবস্থা কাটিয়ে কীভাবে শিল্পাঞ্চলে শান্তি ফিরিয়ে আনা যায় এবং কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা যায়, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com