শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু স্বাক্ষরিত পত্রে এই কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। এর আগে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূইয়ার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা টিসিবি পন্য জব্দ করে যৌথবাহিনী। পরে আবুল হাসেমকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।
এর প্রেক্ষিতে আবুল হাসেমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপি । এ অবস্থার মধ্যে ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তির ঘোষণা আসে।
৩ অক্টোবর সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাড়লা গ্রামে আবুল হাসেম ভূইয়ার বাড়িতে অভিযান চালিয়ে টিসিবির চাল, মসুর ডাল ও সয়াবিন তেল জব্দসহ তাকে আটক করা হয়।
ঘটনার দিন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানিয়েছিলেন, কার্ডের মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যে চাল, ডাল-তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। কিন্তু প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন বিএনপি নেতা আবুল হাসেম ভূইয়া। গোপন সংবাদে সকালে বাড়লা গ্রামে তার বাড়িতে অভিযান চালায় সেনা সদস্য ও পুলিশের যৌথবাহিনী। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনীভাবে মজুদ করে রাখা টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। তখন তাকে আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
পরদিন ৪ অক্টোবর আবুল হাসেম ভূঁইয়াকে দল থেকে অব্যাহতি দিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল সালামকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় ।
এর জেরে ৯ অক্টোবর বাড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পাইকুড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের দাবি, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়ার বিরুদ্ধে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেয়া হয়েছে। এই মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দিতে হবে।
মঙ্গলবার সকালে পাইকুড়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মী কোন ধরণের অনিয়ম বা দুর্নীতিকরণের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে দল ধেকে বহিস্কার করা হবে বলেও হুশিয়ারী দেন তিনি।