শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার মো. জহুরুল হক ও মোছা. আছিয়া খাতুন। তারা পদত্যাগপত্র রেখে দুপুর আড়াইটায় দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেছেন। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ এবং দুই কমিশনার মো. জহুরুল হক ও মোছা. আছিয়া খাতুন।
পদত্যাগ করার আগে আজ সকালে তারা দাপ্তরিক কাজ করেন। বিকেলে তাদের দুদক সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে, দুপুর ১টার দিকে সংস্কার কমিশনের বৈঠক স্থগিত করার খবর আসে। মূলত, এর পরেই পদত্যাগ করার বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে দুদকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তারা বলেন, চেয়ারম্যান ও দুই কমিশনার তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে অনেকটা নীরবে দুদক কার্যালয় ত্যাগ করেন। এ সময়ে সচিব খোরশেদা ইয়াসমিন তাদের এগিয়ে দেন।
বিকেল সাড়ে ৩টায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসার কথা ছিল দুদক সংস্কার কমিশনের।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দুদকের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে নিয়োগের গেজেটে সই করেন। ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ওই সময়ে তার সঙ্গে মো. জহুরুল হককে কমিশনার (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দেড় বছর পর মোছা. আছিয়া খাতুনকে কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের স্থলে নিয়োগ দেওয়া হয়।