শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় প্রতি বছর প্রায় ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। শনিবার দুপুরে ঢাকায় অনুষ্ঠিত “বাংলাদেশের পাচার সম্পদের অযৌক্তিক ঋণ ও পুনরুদ্ধার” শীর্ষক সেমিনারে তিনি এই তথ্য প্রকাশ করেন। ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ও সম্ভাবনার বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক গভর্নরের প্রতিবেদনে ব্যাংক খাত থেকে বছরে ১৭ বিলিয়ন ডলার পাচারের তথ্য উল্লেখ করা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি আরও জানান, সরকার ও প্রভাবশালীরা রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে বাণিজ্যের আড়ালে এই বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে।
তিনি বলেন, অর্থ ফেরত আনা সম্ভব হলেও প্রক্রিয়াটি বেশ জটিল। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সমঝোতা ও আইনি চুক্তি প্রয়োজন।
ড. ইফতেখারুজ্জামান অর্থ পাচার বন্ধ করতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং সবাইকে সচেতন হয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সেমিনারে আরও বক্তব্য রাখেন ওয়েস্ট সিডনি ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ।