শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা আলো ডটকম:
জাতীয় চার নেতাকে হত্যার দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। অবশেষে, সেই দাবির আশ্বাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে। সোমবার সকালে সোহেল তাজের সঙ্গে ফোনে কথা বলে তিনি এই আশ্বাস দেন।
সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, প্রধান উপদেষ্টা জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধে অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে করে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে বলে আশ্বস্ত করেছেন।
রোববার প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিলেন সোহেল তাজ। তবে পদযাত্রার আগেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে স্মারকলিপি গ্রহণ করায় পদযাত্রা বাতিল করা হয়। তিন দফা দাবির মধ্যে অন্যতম ছিল ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।