বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। সোমবার (৪ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিসে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে, আর অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তিনি দেশ পুনর্গঠনে নরওয়ের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন জানান, নরওয়ে বাংলাদেশের পাশে থেকে পুনর্গঠনে সহযোগিতা করতে প্রস্তুত। নাহিদ ইসলাম আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও গণমাধ্যমের উন্নয়নে বিনিয়োগে সরকার নরওয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়।
বৈঠকে রাষ্ট্রদূত সাইবার নিরাপত্তা আইন নিয়ে প্রশ্ন তুললে উপদেষ্টা জানান, এক সপ্তাহের মধ্যে আইনটি বাতিল হবে এবং এই আইনের অধীনে দায়েরকৃত মামলাও বাতিল করা হবে। তিনি বলেন, মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন সব আইন পর্যালোচনা করা হচ্ছে এবং সংস্কারে স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হবে।
সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন। সাম্প্রতিক দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ছুটিও বাড়ানো হয়েছে।”
সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এবং নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলসউরডসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।