রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সংস্কার করা প্রয়োজন, তবে এমন কোনো সংস্কার করা উচিত নয় যা নির্বাচনে বিলম্ব ঘটায়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “এমন সংস্কার করবেন না, যার মাধ্যমে একটি চক্র গণতন্ত্রকে নস্যাৎ করার পরিকল্পনা করতে পারে।”
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের মূলোৎপাটন নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের সকল পর্যায় থেকে ফ্যাসিস্ট দোসরদের সমূলে উৎখাতের’ দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ফারুক আরও বলেন, “আমরা নির্বাচন চাই। ১৬ বছর ধরে আওয়ামী লীগ দেশ শাসন করে গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শেখ হাসিনার দোসররা বিভিন্ন মন্ত্রাণালয়ে কাজ করছে, তাদের কেন অন্তর্বর্তীকালীন সরকার পদায়ন করে রেখেছে?” তিনি সরকারের কাছে এই বিষয়ে জবাব দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।” এদের দ্রুত অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, “অবিলম্বে এদের পদায়ন বাতিল করুন।”
ফারুক উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা স্বীকার করে, তবে তা যেন ফখরুদ্দিন-মঈন এর মতো না হয়। তিনি দ্রুত রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান, যাতে দেশের গণতন্ত্রকামী জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয় এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে পারে।
এ সময় ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি নেতা তারেক রহমানের মামলা ও বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর মামলা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন মঞ্জুর হোসেন ঈসা। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।