শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে চলেছে। তবে ফলাফলের জন্য দেশটিকে আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে। বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যালট গণনার আলাদা প্রক্রিয়া এবং মেইল-ইন ভোটগ্রহণের জন্য নির্দিষ্ট নিয়ম থাকায় কিছু অঞ্চলে চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক দিনও সময় লাগতে পারে। সংবাদমাধ্যমগুলোই আংশিক ফলাফলের ওপর ভিত্তি করে পূর্বাভাস দেয়, যা ‘কল’ হিসেবে পরিচিত। তবে ব্যবধান কম হলে চূড়ান্ত গণনা পর্যন্ত অপেক্ষা করে।
যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন না থাকায় প্রতিটি অঙ্গরাজ্য নিজস্ব নিয়মে ব্যালট গণনা সম্পন্ন করে। অঙ্গরাজ্যের কর্মকর্তারা রিয়েল টাইমে গণনা প্রকাশ করেন, যা সংবাদ সংস্থাগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য বিজয়ী পূর্বাভাস দেয়। এর মাধ্যমে গণনা শেষের আগেই অনেক ক্ষেত্রে বিজয়ীর সম্ভাবনা দেখা যায়।
যুক্তরাষ্ট্রে সরাসরি নয়, ইলেক্টোরাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রতিটি অঙ্গরাজ্যের ইলেক্টর সংখ্যা আলাদা, যা কংগ্রেসের মোট সদস্যসংখ্যার সমান। প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। কোনো প্রার্থী এই সংখ্যা না পেলে, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট নির্বাচন করে।
এই প্রক্রিয়ার বিভিন্ন ধাপও নির্ধারিত রয়েছে: ১১ ডিসেম্বরের মধ্যে অঙ্গরাজ্যের ইলেক্টরদের বৈধতা প্রদান, ১৭ ডিসেম্বর ইলেক্টরদের ভোট প্রদান, এবং ৬ জানুয়ারি কংগ্রেসে ইলেক্টোরাল ভোটের সার্টিফিকেশন।